এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে সাংবাদিক এম এ হোসাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, বিকাশ অ্যাকাউন্ট ও মানিব্যাগ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।একই সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

তারা বলেন, গত বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর হালিশহরের রমনা আবাসিক এলাকার খালপাড়ে এ ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের কাজে সেখানে গেলে একদল দুর্বৃত্ত সাংবাদিক এম এ হোসাইনকে ঘিরে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে।পরে মারধর করে তার মানিব্যাগ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর আদায় করে কয়েক দফায় অর্থ হাতিয়ে নেওয়া হয়। এ সময় তাকে হত্যাচেষ্টা ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন হামলা, অর্থ ছিনতাই ও প্রাণনাশের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কোনোভাবেই এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। নগরীতে আইনশৃংখলা পরিস্থিতি কত নাজুক অবস্থায় আছে এটা তারই প্রমাণ।বিবৃতিতে তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।













