এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও সরকারের জবাবদিহি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

১০ নভেম্বর মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এসব দাবি জানান। পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত দুদিন ধরে দেশে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার গত সাত মাস ধরেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সংবিধান সংশোধন কিংবা রাজনৈতিক কোনো তৎপরতাও দেখা যাচ্ছে না। যার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এবং সরকারের জবাবদিহি দাবি করেন।

ডাঃ শফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় সন্ত্রাসী দমনে গিয়ে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও হামলা হচ্ছে। এতগুলো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়, সেই প্রশ্ন তোলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারছে না। তিন-চারজনকে জনগণ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু বাহিনীর নিজস্ব কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিজিবি, এসআরবি, পুলিশ ও এপিবিএন থাকার পরও কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা জানতে চান তিনি।
ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, কাগজে-কলমে নিষিদ্ধ করে লাভ নেই।যদি তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে? এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলোও সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জাতির নিরাপত্তা নিশ্চিত করা, পতিত ফ্যাসিস্ট শক্তিকে রুখে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন বিরোধীদলীয় নেতা।









