এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত এবং সার, বীজ, ডিজেল ও বিদ্যুৎসহ সব ধরনের কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা কৃষকের জীবন-জীবিকা রক্ষা, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন আহমেদের সঞ্চালনায় কর্মসূচিতে বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি ‘হাওরবন্ধু’ মো. ইকবাল হুসেনের নেতৃত্বে কৃষকের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মাহমুদুল হাসান শামীম তালুকদার, সহসভাপতি নুরুল ইসলাম মানিক, আবুল কাশেম আবাদী, নুরুল আমিন, সাংবাদিক বিজয় দাস ও মো. রুস্তম আলী, উপদেষ্টা অরবিন্দ ধর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম ও শহীদুল ইসলাম শাফিক এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা বেগম।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির মূল ভিত্তি কৃষক হলেও তাঁরা আজ চরম আর্থিক সংকটে।

সার, বীজ, কীটনাশক ও সেচ খরচ বাড়লেও ফসল বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। বিশেষ করে ধান, পাট ও সবজি চাষিরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সংরক্ষণাগারের অভাব ও পরিবহন ব্যয়ের কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে ঋণগ্রস্ত কৃষকরা কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা ভবিষ্যতে কৃষিকাজে আগ্রহ কমিয়ে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বক্তারা উৎপাদক ও ভোক্তার মধ্যবর্তী দামের ব্যবধান কমাতে কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলা, সংরক্ষণ ও বিপণনব্যবস্থার উন্নয়ন এবং সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সেবা নিশ্চিত করার দাবি জানান। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়ব মোরা উন্নয়নের বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।











