এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী ২০২৭ সালে বিভিন্ন পেশায় ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেবে ইতালি। দেশটির নতুন কর্মী প্রবেশ কোটা বা ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৭টি দেশের নাগরিকেরা এ সুযোগ পাবেন। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের এ কোটা নির্ধারণ করা হয়েছে।

দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাত। বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, ঘানা, জাপান, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তিউনিসিয়া, ইউক্রেনসহ আরও কয়েকটি দেশ। তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো নির্দিষ্ট কোটা ঘোষণা করা হয়নি। দেশগুলোর জন্য নির্ধারিত সামগ্রিক কোটার মধ্য থেকেই কর্মী নেওয়া হবে।
ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ প্রক্রিয়া চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন পূরণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI (https://portaleservizi.dlci.interno.it/AliSportello/ali/home.htm) পোর্টাল ব্যবহার করতে হবে। তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, বৈধ নিয়োগকর্তার মাধ্যমে কর্মী নিয়োগের প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কর্মী নিয়োগের আবেদন জমা দেওয়ার জন্য চারটি নির্দিষ্ট দিন রাখা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের জন্য ২০২৭ সালের ১২ জানুয়ারি, পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যা খাতের কর্মীদের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে বৈধ নিয়োগকর্তা ও চাকরির প্রস্তাব নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। অভিবাসন বিশেষজ্ঞরা আবেদন করার আগে নিয়োগকর্তার পরিচয়, প্রতিষ্ঠানের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে অর্থ লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ইতালির ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে।









