শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে উদ্যোক্তা হোন-চবি উপাচার্য

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় বুধবার চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার চাহিদা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি অপরিহার্য।
চবি উপাচার্য বলেন, ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কৃষি সম্প্রসারণ, নতুন উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নকে সমৃদ্ধ করে। আজকের বিশ্বে কৃষিক্ষেত্রে চাহিদা ও চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রতিভা অন্বেষণ ও দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শুধু কৃষি খাতের উন্নয়ন নয়, বরং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষকের জীবনমান উন্নত করা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের কাছে যতটুকু সম্ভব স্বল্পমূল্যে আধুনিক যন্ত্রপাতি তুলে দিয়ে এবং সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার ও হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুল ইসলাম খান। চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইঅজও, গাজীপুর এফএমডির প্রকল্প পরিচালক ও এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল আমিন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী রবিউল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. খালেদ মিজবাহুজ্জামান ও চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব গোলাম সারওয়ার। অনুষ্ঠান সঞ্চলনা করেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ফায়সাল।
সেমিনার ও প্রদর্শনী মেলার শুভ উদ্ভোধন শেষে বারি এর সাইন্টিফিক অফিসার মোঃ রাকিব হাসান উপাচার্যকে মেলায় প্রদর্শিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ঘুরে দেখান। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে লেবেলবিহীন ঘি দিয়ে খাবার তৈরি, জরিমানা গুনল বনফুল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় বেনামি লেবেলবিহীন ঘি ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদনসহ নানা অপরাধে বনফুলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়া আরও নানা অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপাদান উপকরণ ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকা বিচরণ, বেনামি লেবেলবিহীন ঘি ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করায় বনফুলতে ৬০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় এম অ্যান্ড এস মেডিকোকে ৬ হাজার টাকা, সাঈদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর উপায় তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ, মোড়কজাত তেলে মেয়াদ মূল্য না দেওয়ায় পাঠানটুলি চৌমুহনী তেলের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কর বিরোধ, উচ্চ আদালতে যাবে চট্টগ্রাম বন্দর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) হোল্ডিং ট্যাক্স বা পৌরকর ১৫ শতাংশ কমিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দাবি করা ২৬৪ কোটি ৩৫ লাখ টাকার বিপরীতে এই কর ২২৪ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন উভয়পক্ষের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। সিটি করপোরেশন এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করবে।

রায়ের বিষয়ে চসিকের আইনজীবী মঈনুদ্দিন সোহেল বলেছেন, দাবি করা কর ১৫ শতাংশ কমিয়ে ২২৪ কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক রায়। সিটি করপোরেশন এই রায়ে সন্তুষ্ট।
অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাজ্জাদ বলেছেন, হোল্ডিং ট্যাক্সের আপিল আংশিক মঞ্জুর হয়েছে। মোট মূল্যায়ন ১ হাজার ৫৫৫ কোটি টাকা থেকে ২৩৩ কোটি কমানো হয়েছে। চট্টগ্রাম বন্দর এই রায়ে সংক্ষুব্ধ। এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে।

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চসিক ও বন্দরের একটি যৌথ দল ১ কোটি ৯৭ লাখ বর্গফুট জায়গার ওপর মূল্যায়ন সম্পন্ন করে। এর ভিত্তিতে বন্দরের ওপর ২৬৪ কোটি ৩৫ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স ধার্য করা হয়। এই মূল্যায়নের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনারের কাছে আপিল করে। তবে আইন অনুযায়ী আপিল করার শর্ত হিসেবে মোট দাবির ৭৫ শতাংশ, অর্থাৎ ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা চসিকের তহবিলে জমা দেয় বন্দর কর্তৃপক্ষ। চসিকের ইতিহাসে আগে কখনো একক কোনো প্রতিষ্ঠান থেকে একসঙ্গে এত বড় অঙ্কের টাকা জমা হয়নি।তবে এই জমা দেওয়া অর্থ চূড়ান্ত পৌরকর নয় বলে আগেই জানিয়েছিল চট্টগ্রাম বন্দর।

বন্দরের মুখপাত্র ও ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানিয়েছিলেন, আপিলের আইনি বাধ্যবাধকতা রক্ষার্থে ওই টাকা ‘জামানত’ হিসেবে জমা দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার শুনানিতে যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ