আজঃ শনিবার ১৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামে আমদানি নির্ভর এলপিজি প্ল্যান্ট নির্মাণে প্রয়োজন ৫০ একর খালি জমি।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রাম মহানগরের দক্ষিণ কাট্টলী এলাকায় আমদানি নির্ভর এলপিজি প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আর এই প্ল্যান্ট নির্মাণে প্রয়োজন অব্যবহৃত ৫০ একর খালি জমি। প্ল্যান্টটি বানাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অব্যবহৃত জমি বরাদ্দ চাওয়া হয়েছে। তবে পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত জানাননি বলে জানা গেছে।

বিপিসির কর্মকর্তারা বলছেন, নতুন প্ল্যান্ট নির্মাণ করা গেলে সরকারিভাবে এলপিজির অংশীদারিত্ব বাড়বে। বাজারে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হবে। দেশের জ্বালানি নিরাপত্তা আরো নিশ্চিত হবে। সূত্র জানায়- নতুন এলপিজি প্ল্যান্ট বানাতে জমি চেয়ে সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি চিঠি দেয় সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বরাদ্দ পেলে সেই জমিতেই বার্ষিক ৪০ হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন আমদানি নির্ভর একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণ করা হবে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের কাছে বঙ্গোপসাগরের তীর ঘেঁষা পাউবোর এই জমি বরাদ্দ চাওয়ার যৌক্তিকতা তুলে ধরে চিঠিতে বলা হয়- দেশের বন্দর এলাকাসমূহে এলপিজি প্ল্যান্ট স্থাপন করা হলে অপেক্ষাকৃত স্বল্প পরিবহন খরচে রেফ্রিজারেটেড এলপিজি ও প্রেসারাইজড এলপিজি আমদানি করা সম্ভব হবে। এক্ষেত্রে বিপিসির আমদানি নির্ভর এলপিজি স্টোরেজ ও বটলিং প্লান্ট নির্মাণপূর্বক বাজারজাত করার কার্যক্রম গ্রহণ করা সহজ হবে।

চিঠিতে বলা হয়- চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দক্ষিণ কাট্টলী মৌজায় অধিগ্রহণমূলে পাউবোর মালিকানাধীন দুটি দাগে ২৫ একর ও ৩৩ দশমিক ৫১ একর ভূমি অব্যবহৃত রয়েছে। তবে পাউবো যে উদ্দেশ্যে ভূমি অধিগ্রহণ করেছিল-সে উদ্দেশ্যে ব্যবহার করছে না। কাজেই দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশ বান্ধব সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য পাউবোর অধিগ্রহণকৃত এসব ভূমি থেকে ৫০ একর ভূমি বিপিসির অনুকূলে বরাদ্দ প্রদানের বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়েছে।

তবে এলপিজি প্ল্যান্ট নির্মাণে জমি চেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দেওয়া চিঠির বিষয়ে পাউবো এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাদী। তিনি বলেন, পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। তারা যেভাবে নির্দেশনা দেবেন, আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে বিপিসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

জানা গেছে, দেশে এখন দুটি সরকারি এলপিজি স্টোরেজ ও বটলিং প্লান্ট থাকলেও দেশে ক্রমবর্ধমান বোতলজাত এলপি গ্যাসের চাহিদা মেটাতে তিন দশক পর নতুন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় এটি নির্মিত হচ্ছে।

সূত্র জানায়, নগরের উত্তর পতেঙ্গায় ‘চট্টগ্রাম এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট’ নির্মাণ করা হয় ১৯৭৭-৭৮ সালে। এরপর ১৯৯৫ সালে সিলেটের কৈলাশটিলায় আরো একটি এলপিজি স্টোরেজ, বটলিং ও ডিস্ট্রিবিউশন প্রকল্প গ্রহণ করা হয়। দাম কম হওয়ায় বাজারে সরকারি এলপিজির বিপুল চাহিদা থাকলেও এরপর আর কোনো এলপিজি প্ল্যান্ট নির্মিত হয়নি।

বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বোতলজাত এলপি গ্যাসের বার্ষিক চাহিদা প্রায় ১৭ লাখ মেট্রিকটন। তবে ২০৩০ সালের মধ্যে এই চাহিদা ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশে পাইপলাইনের মাধ্যমে আবাসিকে গ্যাসের সংযোগ বন্ধ থাকায় এলপিজির চাহিদা দ্রুত বাড়ছে। পাশাপাশি শিল্প, বাণিজ্য এবং অটোমোবাইল খাতেও সংযোগ সীমিত থাকায় এলপিজির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু বিপুল এই চাহিদার বিপরীতে সরকারিভাবে এলপিজি সরবরাহের সক্ষমতার পরিমাণ মাত্র ৩৩ হাজার মেট্রিকটন। এরমধ্যে এলপি গ্যাস লিমিটেডের চট্টগ্রাম প্ল্যান্ট থেকে ২৫ হাজার এবং সিলেটের কৈলাশটিলা প্ল্যান্ট থেকে ৮ হাজার মেট্রিকটন এলপিজি সরবরাহ করার সক্ষমতা রয়েছে। চাহিদার বাকি প্রায় ৯৯ শতাংশ এলপিজি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরবরাহ করছে। ফলে এই খাতে সরকারি অংশীদারিত্ব নেই বললেই চলে। এ প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় আমদানি নির্ভর এলপিজি প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে বিপিসি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফের অনিশ্চয়তায় সিসিসিআই নির্বাচন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়িক সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে। দুপক্ষের আইনি বিরোধের কারণে উচ্চ আদালতের নির্দেশে নির্ধারিত ৪ এপ্রিলের নির্বাচনও স্থগিত হয়ে গেছে। তবে আদালত আগামী ২৬ এপ্রিলের মধ্যে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালকে বিরোধ নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
তথ্যটি নিশ্চিত করে রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে আইনজীবী আশফাকুর রহমান বলেন, আদালত আগামী ২৬ এপ্রিলের মধ্যে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালকে বিরোধ নিষ্পত্তি করে সিদ্ধান্ত দিতে বলেছেন। পাশাপাশি হাইকোর্টের সর্বশেষ আদেশ আমলে না নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

চেম্বার সূত্রে জানা যায়, ৩ মার্চ প্রায় পাঁচ মাস স্থগিত থাকার পর চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তফশিল ঘোষণা করা হয়েছিল। তফশিল অনুযায়ী আগামী ৪ এপ্রিল নগরের আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গ্রহণের কথা ছিল। ২৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের আইনি মতামতের ভিত্তিতে সাধারণ ও সহযোগী গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। তবে আদালতের নতুন আদেশে সেই নির্বাচনও স্থগিত হয়ে গেল।

এর আগে, গত বছরের ৪ সেপ্টেম্বর টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের আটটি সংগঠনকে অন্তর্ভুক্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হাইকোর্টে রিট করেন এবং এফবিসিসিআইতেও অভিযোগ করেন।
রিটের পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর হাইকোর্ট দুই শ্রেণিকে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশনা দিয়ে রুল জারি করেন এবং মন্ত্রণালয়ের ৪ সেপ্টেম্বরের চিঠির ওপর স্থগিতাদেশ দেন। পরে আপিলের পর ৩০ অক্টোবর আদালত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন।

পরবর্তীতে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ছয়টি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ছয় প্রতিনিধিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। এ আদেশের বিরুদ্ধেও আপিল করেন রিটকারী মোহাম্মদ বেলাল। সেই আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এফবিসিসিআইয়ের ট্রাইব্যুনালে বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেন এবং মৌখিকভাবে বলেন, ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে মোট ৬ জন পরিচালক নির্বাচিত হন। এভাবে ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন।এবার টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ছয়জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ছিলেন। তবে দুপক্ষের আইনি বিরোধের কারণে নির্ধারিত সময়েও নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং নতুন তফশিল ঘোষণার পরও তা আবার স্থগিত হয়ে গেছে।

পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাট-বাজারের সরকারি টোল রেট পুনঃনির্ধারণ বা বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন শরৎনগর বাজার হাটটির ইজারাদার।

জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার আওতাধীন শরৎনগর হাট-বাজারের বাংলা ১৪৩৩ সনের অনুমোদিত ইজারাদার মো. ফজলে আজিম সম্প্রতি পাবনা জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন দাখিল করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা ও ইজারা সংক্রান্ত নীতিমালা-২০১১ অনুযায়ী ইজারা কার্যক্রম শুরু হওয়ার পূর্বে টোল আদায়ের হার নির্ধারণের বিধান রয়েছে।

আবেদনে বলা হয়, জেলা প্রশাসকের অনুমোদনে ভাঙ্গুড়া উপজেলার সকল হাট-বাজারের জন্য বাংলা ১৪৩২ থেকে ১৪৩৪ সন পর্যন্ত তিন বছরের জন্য টোল রেট নির্ধারণ করা হয়েছে। ওই টোল চার্ট অনুযায়ী বড় গরু বা মহিষ প্রতি ৬৫০ টাকা, ছোট গরু বা মহিষ ৪৪০ টাকা, বড় ছাগল ৩০০ টাকা, ছোট ছাগল ২০০ টাকা, ভেড়া ১৫০ টাকা এবং হাঁস-মুরগির খাঁচি প্রতি ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে আবেদনকারী দাবি করেন, পাবনা জেলার অন্যান্য উপজেলার তুলনায় ভাঙ্গুড়া উপজেলার টোল রেট কম নির্ধারণ করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ঈশ্বরদী উপজেলার টোল চার্ট উল্লেখ করে বলেন, সেখানে বড় গরু প্রতি ৮০০ টাকা, ছোট গরু ৬০০ টাকা, মহিষ ১ হাজার টাকা এবং হাঁস-মুরগির খাঁচি প্রতি ১২০ টাকা নির্ধারিত রয়েছে।
তার দাবি, শরৎনগর হাট-বাজারটি অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।ন্তু তুলনামূলক কম টোল রেটের কারণে হাট পরিচালনা এবং ইজারা কার্যক্রমে আর্থিক সমস্যার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে হাট-বাজার থেকে প্রাপ্ত রাজস্ব পৌরসভার আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় টোল রেট কম থাকলে পৌরসভার রাজস্ব আয়ও কমে যেতে পারে।

এ অবস্থায় ভাঙ্গুড়া উপজেলার (পৌরসভা সহ) সকল হাট-বাজারের অনুমোদিত টোল রেট সংশোধন করে ১৪৩৩-১৪৩৪ সনের জন্য পুনঃনির্ধারণের দাবি জানানো হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মিজানুর রহমান বলেন, শরৎনগর হাট-বাজারের টোল রেট পুনঃনির্ধারণ সংক্রান্ত আবেদন টি প্রশাসনের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে।বিষয় টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বলেন, আবেদন পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ