এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায়ও নকলমুক্ত সুন্দর,শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) এর পরীক্ষা-২০২৬ প্রথম দিন(২১ এপ্রিল) এসএসসি- বাংলা ১ম পত্র, দাখিল- কুরআন মাজিদ ও তাজভিদ,ভোকেশনাল- বাংলা-২, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাঙ্গুড়া উপজেলার মোট চারটি কেন্দ্রে-এসএসসি- ১০৫৪ জন, দাখিল-২০১ জন ও ভোকেশনালে-১৮৭ জন, মোট-১৪৪২ জন পরীক্ষার্থী এবারের এই তিন(৩) পরীক্ষায় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার ২১ এপ্রিল সকালে পরীক্ষা শুরুর পরপরই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান।

পরিদর্শনকালে প্রশাসন পরীক্ষার কেন্দ্রের সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ কার্যক্রম, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং নকল প্রতিরোধ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। চারটি কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন উপজেলা প্রশাসন। ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন জানিয়েছে,পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
পরীক্ষার চারটি কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।










