এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জর্জিয়ার পার্লামেন্টে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংসদ কক্ষে কিল-ঘুষি ও ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে। দেশটির সংবাদমাধ্যম সিভিল জর্জিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।২৬ জুন প্রধানমন্ত্রী বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব চলাকালে এ ঘটনা ঘটে।

সিভিল জর্জিয়া বলছে, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি বলেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার প্রকৃত রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছে। তার বক্তব্যের পর ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
প্রথমে ক্ষমতাসীন দলের ইরাকলি খেলাদজে ও বিরোধী দলের গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আরও অনেক সংসদ সদস্য এতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনার সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।সংঘর্ষের পর সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়।

সংঘর্ষের সময় কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে ধাক্কাধাক্কি, মারামারি ও বাকবিতণ্ডা চলে। পরে সংসদের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের সদস্যদের কক্ষ থেকে বের করে দেন। এ সময় সংসদের সরাসরি সম্প্রচারও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।
সংগৃহীত –











