সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

- চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মুরাদ (৪৩) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার অন্য দুজন হলেন সুমন (৩৫) ও রুহুল আমিন। তারা ওই ঘটনায় জড়িত ছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার মুরাদের পিসিপিআর যাচাই করে পুলিশ দেখতে পায়, সিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৬টি মামলায় তিনি আসামি।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাকলিয়ার এক্সেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। কয়েকটি বিকট শব্দ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। ওইদিন রাতে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল।













