দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারসহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বক্তব্য দেন এসআরবি-১৩-এর কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন, পিএসসি এবং এএসপি মো. মনোয়ার হোসেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় রয়েছে ৪৭৮টি মন্দির ও পূজামণ্ডপ। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে।,

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ২২ অক্টোবর পর্যন্ত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রাখা হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩।

কোনো পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিভ্রান্তিকর তথ্য দেখলে যাচাই না করে তা শেয়ার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

এসআরবি-১৩ জানায়, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন সম্ভব। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতার তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বানও জানানো হয়।

পরিশেষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে এসআরবি-১৩-এর পক্ষ থেকে বলা হয়, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে ৬৯তম জোটা ও ৩০তম জোটি-২০২৬ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার আয়োজনে ৬৯তম জোটা ও ৩০তম জোটি -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. ইব্রাহিম হাবিব।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান মিঠু বলেন, “বিশ্ব স্কাউট সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের নির্দেশনায় প্রতিবছর এ আয়োজন করা হয়। বিশ্বের অন্যতম বৃহৎ স্কাউট জাম্বুরিতে অন্যান্য দেশের স্কাউটদের মতো ঠাকুরগাঁও জেলার স্কাউটরাও অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছে।”

তরুণ স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তারা ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে।জেলা স্কাউটসের এএলটি প্রতিনিধি মো. ইকবাল হোসেন বলেন, এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিশ্বের বিভিন্ন দেশের স্কাউট বন্ধুদের সামনে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ সুচরিতা দেব, ঠাকুরগাঁও সদর উপজেলার স্কাউট লিডার মো. আব্দুল লতিফ প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার, স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্যসহ শতাধিক ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেন।

কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

|
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আলোচিত খবর

২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সংশ্লিষ্ট বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।
বোর্ডের এক কর্মকর্তা জানান, ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনাই বেশি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।

এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

সর্বশেষ