এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে একটি কারখানায় ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে বুধবার (১৯ আগস্ট) নগরের আগ্রাবাদে সুলতান কলোনি এলাকায় ‘কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামের মার্জারিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা এবং ডবলমুরিং থানা, সিএমপি, চট্টগ্রামের একটি দল সহযোগিতা করে।নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, কারখানাটিতে মার্জারিন উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিবন্ধন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন ঘাটতি পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
জানা গেছে, অভিযানকালে কারখানাটিতে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।












